বাংলাদেশি মুভির নাম ‌‘কফিলের প্রেম’। দর্শকদের বেশ নজর কেড়েছে। ভালো ব্যবসাও করেছে। মুভির প্রযোজক ও পরিচালক তাদের টিম নিয়ে সেলিব্রেট করবে। মুভিতে সৌদি আরবে নায়ক শাহেনশাহের সংগ্রাম থেকে কফিল হয়ে যাওয়া। সৌদিতে নায়িকা মিথিলা পার্কুজের সাথে মিষ্টি প্রেম! খাদ্দামা থেকে মিথিলাকে মুক্ত করা। ইস, কী যে গল্প! এরপর মিথিলা আর সাদিকের প্রেম আর সাফল্যের গল্প। মুভিতে টুইস্ট হয়ে টুইস্ট! এত সুন্দর লোকেশন আর মনভোলানো গান! সব মিলিয়ে সেরা অভিনেতাদের সেরা কাজ। এই মুভির টিমের গল্প এখন চলচ্চিত্র পাড়ায় সবার মুখে মুখে।

অফিসে ঢুকেই রানা ফয়সাল চৌধুরী পেপার এগিয়ে নিলো। সে বিনোদনের সংবাদ দেখছিল। সম্প্রতি একটা মুভি নিয়ে পেপারে বেশ আলোচনা হচ্ছিল। রানা ফয়সাল সেই গল্পটা পড়ছিল। হঠাৎ বস ডেকে বসলেন। মিটিং শেষে আবার গল্পে মনোনিবেশ। কিন্তু একি! এই গল্পটা তারই লেখা। গল্পের নাম ‘কফিল’! ভিন্ন নামে চালিয়েছে ব্যাটারা।

প্রশ্ন হচ্ছে, গল্পটা তারা পেল কোথায়? হুম, মনে পড়েছে। একটা গল্প লেখার কর্মশালায় সে ‘কফিল’ গল্পটা জমা দিয়েছিল! কিন্তু সেটা তো বেশ আগের ঘটনা। তাছাড়া সে গল্পগ্রন্থ প্রকাশ করে তার কপিরাইটও নিয়েছে। যতটা মনে পড়ে ‌‘কফিল’ গল্পটা একটা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। তারপরও এমন ভুল নির্মাতা কেন করলেন? গল্পটা কিনে নিলে বা অনুমতি নিলে কী এমন ক্ষতি হয়ে যেত? এসব বাজে লোকদের জন্যই দেশে ভালো গল্পকারের বিকাশ হয় না। সৃজনশীল লেখকেরা বঞ্চিত হয়। নৈতিকতা আর বিশ্বাসের ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।

আরও পড়ুন

ফাত্তাহ তানভীর রানার গল্প: সানগ্লাস

প্রযোজক আর তার বন্ধু সিনেমার সফলতা নিয়ে কথা বলছে।
: ইস কী গল্প! সৌদির প্রেম, বাংলাদেশে পরিণতি! কী জীবন-সংগ্রাম! সৌদি আরব থেকে ফেরে দেশের অন্যতম সেরা ব্যবসায়ী! আহা! কী সাফল্য। পাবলিক যতই দেখেছে; ততই বিস্মিত হয়েছে। মনে মনে ভাবছে, এমন শাহেনশাহের মতো আরও ছেলেরা যদি থাকতো! শেষ দৃশ্যে নমিনেশন পাবার সাত দিন পরে শাহেনশাহের হার্ট অ্যাটাকে মারা যাওয়া। দর্শকদের এটাই সবচেয়ে বেশি আহত করেছে। সব পেয়েও হারিয়ে ফেললো। এরই নাম ভাগ্য। তবে মাঝখানে নায়কের গুলি খাওয়া অনেকেই সাধারণভাবে নিতে পারেননি। কারণ, নায়ক তখন মানবতার সুপার হিরো। নায়কের ব্যবসা প্রতিষ্ঠান লুট গল্পে গতি এনেছে। নায়কের প্রতি সমবেদনা জাগ্রত করেছে।
: কিন্তু এত জটিল গল্পটা কার লেখা?
: এটা তো বলা যাবে না।
: এত ভালো গল্পকারকে কত দিয়ে কিনেছিস? আর লুকিয়ে রেখেছিস কোথায়?
: লুকিয়ে রাখিনি লুকিয়ে গেছে।
: নতুন ছেলে হয়তো। ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভালো করতো।

কলিং বেল বেজে উঠলো। কেউ একজন বাসার ভেতরে ঢুকেছে। পারভেজ সাহেব চিঠি রিসিভ করে ড্রইং রুমে নিয়ে এলেন। একটা লিগ্যাল নোটিশ! ‘কফিলের প্রেম’ মুভির গল্পকার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন! মুভির প্রযোজক টেনশনে পড়ে গেল।
: তুই একটা চোর। তুই একটা তস্কর। অল্প কিছু দিয়ে নতুন ছেলেটাকে ম্যানেজ করা যেত। এখন কী হবে? লাভের গুড় পিঁপড়ায় খাবে!
: মামলার খবর পেপারে আসবে, আমাদের ভিউ কমবে! কে বুঝেছিল ছেলেটি উকিল নোটিশ পাঠাবে?
: লক্ষ্য করেছিস ‘কফিল’ গল্পের কপিরাইট নেওয়া আছে? দ্রুত কথা বলে সেটেল করে ফেল।

আরও পড়ুন

ফাত্তাহ তানভীর রানার গল্প: প্রেমিকরা-প্রেমিকারা

প্রযোজকের বুকের বামপাশ মোচড় দিয়ে উঠল। কী দরকার ছিল বিজ্ঞাপনী সংস্থার মালিক বন্ধুর কাছ থেকে বেনামি গল্পটা নেওয়ার! কেইবা জানতো! মুভিটা বড় হিট করবে। আসলে সফলতা সবাই দেখে। সফলতার পেছনে অনেক গল্প সবার অজানা থাকে।

এসইউ