দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন
পাওনা টাকা চাওয়ায় নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা
নোটিশে বলা হয়, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদকে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
মীর শাহে আলম / তুলার উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার
তবে নোটিশে আরও উল্লেখ করা হয়, সদস্যপদ ফিরে পাওয়ার পর তিনি এবং তার ঘনিষ্ঠরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, হাসপাতালে বাবা
ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। এর আগে ভালুকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হোসাইন সুলভ/এফএ/জেআইএম








