দুবছর আগে ২০২৪ সালে ‘ওসান লাইফস্টাইল’ নামে রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি ফ্যাশন হাউজ উদ্বোধন করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজ করছেন সানজিদা আলম। এবার প্রতিষ্ঠানটির নতুন একটি আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে মিরপুর ১০-এ। যথারীতি এটিও উদ্বোধন করেন মেহজাবীন চৌধুরী এবং সঙ্গে ছিলেন সানজিদা আলম। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেহজাবীন চৌধুরী বলেন, ‘ধন্যবাদ জানাই সানজিদা আপুকে আমাকে ওসানের সঙ্গে যুক্ত রাখার জন্য। প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে পছন্দের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখানে আসলে মেয়েদের ব্যবহারের জন্য সব ধরনের আইটেমই পাওয়া যায়। ছেলেরদেরও আইটেম রাখা হয়েছে। আমার বিশ্বাস ভবিষ্যতে ওসানে আরও অনেক কিছুই যুক্ত হবে।’ সানজিদা আলম বলেন, ‘এটা বলতেই হয় যে ওশান মানেই মেহজাবীন আপু। তিনি এর একটা পার্ট। দেশীয় ব্র্যান্ড হলেও এটিকে আমরা একদিন আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাব। আর মিরপুরে আমাদের স্বপ্নের আরেকটা অধ্যায়ের যাত্রা শুরু হলো।’








