ফেসবুকে জ্বালানি তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ার পর নীলফামারীতে বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকে শুরু হওয়া এই ভিড় শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। আতঙ্কে অনেকেই গাড়ির ট্যাংক পূর্ণ করার পাশাপাশি জারিকেন ও বোতলে অতিরিক্ত তেল সংগ্রহ করেন।

নীলফামারী জেলা প্রশাসন জানায়, জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

গুজবে দিনাজপুরে তেলের পাম্পে ভিড়

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গ্রাহক একসঙ্গে তেল নিতে আসায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতজনদের কাছ থেকে তেলের সংকটের খবর শুনে তড়িঘড়ি করে ফিলিং স্টেশনে ছুটে আসেন।

আরও পড়ুন

তেল সংকটের গুজবে পাম্পে ভিড়, মজুত না করার আহ্বান প্রশাসনের

সৈয়দপুরে আইয়ুব ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক বলেন, সংকটের গুজব শুনে তেল নিতে এসেছি। আবার ঘণ্টার পর ঘণ্টা যদি লাইনে দাঁড়াতে হয়, তাহলে আমাদের মতো কর্মজীবিদরে জন্য কষ্টকর হবে।

ডিমলা উপজেলার মেসার্স আফতাব, মেসার্স আলম ও মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সরবরাহ কমানো বা বন্ধ করার কোনো নির্দেশনা তারা পাননি। গুজবের কারণেই একসঙ্গে অতিরিক্ত গ্রাহক আসায় চাপ বেড়েছে। সবাই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করলে কৃত্রিম সংকটের কোনো আশঙ্কা থাকবে না।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত হয়ে কেউ অতিরিক্ত তেল কিনবেন না।

আমিরুল হক/এসজেডএইচ/জেআইএম