বর্তমান প্রজন্মের অভিনেতা ফররুখ আহমেদ রেহান। ক্যারিয়ার বেশি দিনের নয়। নাটক দিয়েই শুরু করেছেন। এরইমধ্যে নাম লিখিয়েছেন সিনেমায়ও। তার অভিনীত প্রথম সিনেমার ‘আন্ধার’। নির্মাণ করছেন রায়হান রাফী। নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রেহান। অবশ্য এ সিনেমায় তার কিছু কাজ এখনো বাকি আছে। শিগ্গির সেটা শেষ করা হবে। তারপর শুরু হবে প্রচারণা। ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষ হলেই এ সিনেমায়র প্রচারণার কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন রেহান। তিনি বলেন, ‘আন্ধার আমার অভিনীত প্রথম সিনেমা। সিনেমার গল্প কিংবা আমার চরিত্রই কী সেটা নিয়ে আপাতত কিছু বলতে পারছি না। রায়হান রাফী ভাই একজন মেধাবী এবং পরীক্ষিত পরিচালক। তিনি ভালো কিছু নিয়ে আসছেন, এটা বলতে পারি। অবশ্যই আন্ধার দর্শকের ভালো লাগবে। সিনেমাটিতে আমি অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাও আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। কারণ অভিনয়ের আঙিনায় আমি এখনো একেবারেই নতুন। তাদের সঙ্গে কাজ করে আমি শেখার চেষ্টা করছি।’ চলতি বছরের শেষ প্রান্তে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।








