বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ফরোয়ার্ড ব্রিল এমবোলোর লাল কার্ড নিয়ে। ভিএআরের পর্যালোচনার ভিত্তিতে তাকে মাঠছাড়া করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সুইস মিডফিল্ডার রেমো ফ্রয়লার। তার দাবি, এই সিদ্ধান্তের ব্যাখ্যা ফিফাকেই দিতে হবে।

ফ্রয়লার বলেন, ‘আমি আমার দলের জন্য গর্বিত। আমরা শতভাগ দিয়েছি, দেশের জন্য লড়েছি। কিন্তু আমি বুঝতে পারছি না, ভিএআর কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে। ফিফাকে আমাদের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।’

ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানো হয় এবারের বিশ্বকাপে চালু হওয়া নতুন এক রেফারিং নিয়মের আওতায়। এই নিয়ম অনুযায়ী, ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণ’ ঘটলে ভিএআর রেফারিকে হস্তক্ষেপ করে সিদ্ধান্ত সংশোধনের পরামর্শ দিতে পারে।

মধ্যমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও এম্বোলোর সংঘর্ষের পর ম্যাচের রেফারি প্রথমে আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেসকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআরের সহায়তায় দেখা যায়, শাস্তি পাওয়ার কথা ছিল এমবোলোর। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হওয়ায় রেফারি নিজের সিদ্ধান্ত সংশোধন করেন এবং এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।

সুইজারল্যান্ড পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল। প্রথমার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে সমতা ফেরান। তবে ম্যাচের শেষদিকে এম্বোলোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড, যা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন এবং সেমিফাইনাল নিশ্চিত করেন।

আরআর/আইএন