বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। তার দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সুইজারল্যান্ডই ছিল ভালো দল এবং বিতর্কিত রেফারিং না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

ম্যাচ শেষে আকাঞ্জি বলেন, ‘আজ এবং পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যা করেছি, সে জন্য আমি এই দলকে নিয়ে ভীষণ গর্বিত। আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি, অথচ তারা আমাদের বিপক্ষে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে তাদের একটি পরিষ্কার গোলের সুযোগও আমার মনে পড়ছে না। যদি ১১ জনে ১১ জন খেলাটা শেষ পর্যন্ত চলতো, তাহলে সবাই দেখতে পেত ম্যাচের গতি আমাদের দিকেই চলে যাচ্ছিল।’

বিদায়ের ধরন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের, যখন আপনি জানেন ম্যাচটি জেতার সামর্থ্য আপনার ছিল। বিশেষ করে যখন মনে হয় রেফারিও আপনার বিপক্ষে ছিল। ছোট ছোট সব বিষয়েই আমাদের বিরুদ্ধে বাঁশি বাজানো হয়েছে।’

রেফারি নিয়ে সাধারণত মন্তব্য করেন না জানিয়ে আকাঞ্জি বলেন, ‘আমি সাধারণত রেফারিকে দোষারোপ করি না। কিন্তু আমার ক্যারিয়ারে এমন একপেশে ম্যাচ খুব কমই দেখেছি, যেখানে প্রতিটি ছোট বিষয়ই এক দলের বিপক্ষে গেছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের ডাইভগুলো উপেক্ষা করা হয়েছে, অথচ এমবোলো হলুদ কার্ড দেখেছে। এখন আর কিছুই করার নেই।’

উল্লেখ্য, ম্যাচের শেষদিকে ভিএআরের সহায়তায় ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

আরআর/আইএন