বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই ফ্রান্সকে হুংকার লামিনে ইয়ামালের। তার দাবি, কিলিয়ান এমবাপ্পেদের ভয় পাওয়ার কিছু নেই। বরং ফ্রান্সেরই উচিত স্পেনকে সমীহ করা। ফ্রান্সের বিরুদ্ধে সাম্প্রতিক জয়গুলোর কথা উল্লেখ করে ইয়ামালের দাবি, দুই সেরা দলের লড়াই হবে।
বেলজিয়ামকে শেষ আটে হারিয়ে ফ্রান্সের মুখোমুখি স্পেন। ইয়ামাল মনে করেন, সেমিফাইনালে চাপ থাকবে ফ্রান্সের ওপর। ইয়ামাল বলেছেন, ‘আমরা উত্তেজিত। বিশ্বকাপ শুরুর সময় আমরা এই ম্যাচ খেলার আশায় ছিলাম। স্পেন-ফ্রান্স ম্যাচেরই প্রত্যাশা ছিল। আমার মতে, প্রতিযোগিতার সেরা দুই দল মুখোমুখি হতে চলেছে।’
বিশ্বকাপে খুবই ভালো খেলছে ফ্রান্স। তাদের বিপক্ষে স্পেন কি নিজেদের খেলার ধরনে পরিবর্তন আনবে? ইয়ামাল তা মনে করেন না। তিনি বলেন, ‘এমন একটা দলের বিরুদ্ধে খেলা পড়েছে, যারা নিশ্চিতভাবে আমাদের ওপর চাপ তৈরির চেষ্টা করবে। তবে গোটা ম্যাচ চাপে রাখতে পারবে না। আমরা আমাদের মতো খেলব। ফ্রান্স যদি কোনো দলকে সমীহ করে, সেটা আমরাই। কারণ, আমরাই ওদের আগের আসর থেকে ছিটকে দিয়েছিলাম।’ ২০২৪ ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাদের ২-১ গোলের জয়ের কথা মনে করিয়ে দিয়েছেন ইয়ামাল। যখন তার বয়স ছিল ১৬। ইয়ামালের দাবি, সাম্প্রতিক সময়ে দুদলের ম্যাচের ফল ফ্রান্সকে বিশ্বকাপ সেমিফাইনালে চাপে রাখবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল। তবে সবচেয়ে বেশি ১৭টি গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। শেষ দুটি ম্যাচে গোলে নয়টি শট নিয়েছেন বার্সেলোনার টিনএজ উইঙ্গার। ইয়ামাল অবশ্য ব্যক্তিগত সাফল্যকে গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেন, ‘এটা হতাশার কোনো কারণ নয়। আমি তো ইউরো কাপেও একটাই গোল করেছিলাম। দল যত এগিয়ে যাবে, ততই ভাবার বা হতাশার কোনো কারণ থাকবে না। দলই আমার কাছে সব। আশা করছি, আমরা আরও একটা জয় পাব।’
ফ্রান্সে এমবাপ্পের মতো ফুটবলার রয়েছেন। কতটা কঠিন হতে পারে সেমিফাইনাল? ইয়ামাল বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। ভয় পাওয়ার কিছু নেই। ওদের বিপক্ষে শেষ দুটি ম্যাচে আমরাই জিতেছি। ওদেরই বরং আমাদের ভয় পাওয়া উচিত। সেমিফাইনালে উঠে আমরা খুশি। আমরা ভালো খেলছি। অন্য দলগুলো আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে। আমরা এখানে এসেছি ট্রফি জিততে।’ ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।








