​আজ রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ম্যাচটিকে সামনে রেখে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি জানিয়েছেন, প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো কোনো বিশেষ পরিকল্পনা তাদের নেই। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হামস্ট্রিং চোটে পড়া গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ইসমাইল সাইবারি এই ম্যাচে খেলতে পারবেন না। সাইবারির অনুপস্থিতি প্রসঙ্গে কোচ বলেন, সাইবারি এখনও প্রস্তুত নয়, তবে আশা করি তার জন্য বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যায়নি। ​ফ্রান্সের বিপক্ষে কৌশলের বিষয়ে ওয়াহবি বলেন, প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক থাকবে না, কারণ আমার লুকানোর কিছু নেই। যারা আমাদের ম্যাচ বিশ্লেষণ করেছেন, তারা জানেন আমরা কীভাবে খেলতে চাই। তিনি আরও যোগ করেন, বল দখলে থাকলে ফ্রান্সের ক্ষতি করতে হবে এবং শুধু উইং নয়, মাঝমাঠ দিয়েও আক্রমণের পথ খুঁজতে হবে। চার বছর আগে ২০২২ সালের সেমিফাইনালের সঙ্গে এবারের লড়াইয়ের তুলনা করে কোচ বলেন, প্রতিটি ম্যাচই আলাদা এবং তার নিজস্ব ইতিহাস আছে। এখন দুই দলই আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ​এদিকে, একই সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মরক্কোর সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দেওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিক অভিযোগ করেন যে, শুধু ফরাসি সাংবাদিকদেরই প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। এর জবাবে দেশম বলেন, মাফ করবেন, কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে, আমার দুপুরের খাবার আছে এবং এরপর অনুশীলন আছে। আমি জানি, কিন্তু আমিও খুব ভোরে বের হয়েছি। এখানে কতজন আছেন? ৫০ জন যদি হাত তোলেন, তাহলে আমি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারব না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সবার উত্তর দেওয়া সম্ভব নয়। ​মরক্কোর বিপক্ষে নিজের দলের পারফরম্যান্স নিয়ে দেশম বলেন, আক্রমণে আমাদের আরও কার্যকর হতে হবে, কারণ দুই দলই নিজেদের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে কাজে লাগাতে জানে। তিনি আরও বলেন, সুযোগের সংখ্যা নয়, সেগুলো কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ। মরক্কোকে প্যারাগুয়ের সঙ্গে তুলনা করা যাবে না উল্লেখ করে দেশম জানান, মরক্কোর দলে অনেক শীর্ষমানের খেলোয়াড় আছে এবং তারা শুধু খেলতে আসেনি, জিততে এসেছে। তাই আমাদের সেরাটা খেলতে হবে। বস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।