চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স এবং দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে পা রাখা মরক্কো এবারও মাঠ মাতাচ্ছে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। অন্যদিকে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের টানা দুই ফাইনাল খেলা ফ্রান্স এই লড়াইয়ে স্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামবে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল প্রথমবারের মতো বিশ্বকাপে একে অপরের বিপক্ষে লড়াই করেছিল। সেই ম্যাচে থিও হার্নান্দেজ ও র্যান্ডাল কোলো মুয়ানির গোলে ফ্রান্স ২-০ ব্যবধানে জয়লাভ করে। ঐ পরাজয়ের মাধ্যমেই আটলাস লায়ন্স খ্যাত মরক্কোর সেই আসরের রূপকথার মতো দৌড় শেষ হয়েছিল। বিশ্বকাপের মঞ্চ ছাড়া দুই দল অতীতে পাঁচটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে তিনটি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। এছাড়া একটি ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচে টাইব্রেকারে জয়ী হয়েছে মরক্কো। ম্যাচ শুরুর আগে অপ্টা সুপারকম্পিউটারের দেওয়া পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ফ্রান্স। ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। এছাড়া ২২.১ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ম্যাচের ফলাফল নির্ধারণে অতিরিক্ত সময় বা টাইব্রেকারের প্রয়োজন হতে পারে।
রাজনীতি
মুখোমুখি ফ্রান্স ও মরক্কো: অতীত কি বলে!

শেয়ার করুন







