বাড়িতে রেফ্রিজারেটরের ভেতর স্বাভাবিকভাবে জমাট বাঁধা এক খণ্ড বরফ নিয়ে শোরগোল পড়ে গেছে ভারতের উত্তর প্রদেশে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বরফখণ্ডের আকৃতিটি অবিকল সনাতন ধর্মের দেবতা শিবের প্রতীক ‘শিবলিঙ্গ’-এর মতো। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ওই বাড়িতে মানুষের ঢল নেমেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, ঘরের সাধারণ ফ্রিজটি খোলার পর ভেতরের অদ্ভুত বরফখণ্ডটি প্রথম পরিবারের সদস্যদের নজরে আসে। তাদের মনে হয়, বরফের এই কাঠামোটি সাধারণ কোনো বরফ নয়, এটি দেখতে একদম শিবলিঙ্গের মতো।
আরও পড়ুন
বন্যায় খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ, এলাকায় চরম আতঙ্ক
মুহূর্তের মধ্যে এই খবর প্রতিবেশীদের মাধ্যমে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। শিবলিঙ্গ-আকৃতির এই বরফ নিজের চোখে দেখতে দলে দলে মানুষ ওই বাড়িতে ভিড় করতে শুরু করেন।
সেই বাড়ি এখন রীতিমতো উপাসনালয়ে পরিণত হয়েছে। ভক্তরা দলে দলে গিয়ে সেখানে পূজা দিচ্ছেন। অনেকে ঐতিহ্যবাহী নিয়ম মেনে বরফখণ্ডের ওপর ‘জলাভিষেক’ বা পানি ঢালছেন। বাড়িটি এখন ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত।
उत्तर प्रदेश : आगरा में एक घर में फ्रिज के अंदर "शिवलिंग" जैसी आकृति बन गई है। लोग इसे अमरनाथ के पवित्र हिमलिंग जैसी आकृति से जोड़ रहे हैं। पूजा–पाठ शुरू हो गई है। चढ़ावा आना शुरू हो गया है।@madanmohansoni pic.twitter.com/Kn31ko8tXQ
— Sachin Gupta (@Sachingupta) July 13, 2026
বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অমরনাথ যাত্রা চলছে। কাশ্মীরের অমরনাথ গুহায় প্রতি বছর প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়। আগ্রার এই ঘটনার পর অনেকেই অমরনাথের সেই শিবলিঙ্গের সঙ্গে ফ্রিজের বরফখণ্ডের তুলনা করছেন।
আরও পড়ুন
চলন্ত ট্রেনেই ‘হানিমুন’, প্রথমবার যোগ হলো বিশেষ কেবিন!
এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের একটি বড় অংশ একে ঈশ্বরের আশীর্বাদ বা অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস, এটি শিবের একটি ঐশ্বরিক রূপ বা সংকেত।
অন্যদিকে, বিজ্ঞানমনস্কদের বিশ্বাস, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয়। ফ্রিজের ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতার বিশেষ তারতম্যের কারণে অনেক সময় বরফ জমে এমন অদ্ভুত আকৃতি ধারণ করতে পারে। এটি কোনো অলৌকিক বিষয় নয়, স্রেফ বিজ্ঞানের নিয়ম।
ফ্রিজের ভেতরের এই বরফখণ্ডের ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/








