সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিতর্কের জেরে ইলিয়াস খান (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত ইলিয়াস একই গ্রামের সাত্তার খানের ছেলে। আটক ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের ইলিয়াস খানের সঙ্গে একই গ্রামের রাসেলের কথা কাটাকারি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন ইলিয়াস। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শরু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তবে, এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।








