গাইতে গাইতে গায়েন। খেলতে খেলতে খেলোয়াড়। কিন্তু খেলতে খেলতে লেখক, এমন উদাহরণ খুঁজে পাওয়া ভার। নরওয়ের আন্তেনিও নুসার হলেন সেই ফুটবলার-লেখক। এই অ্যাটাকিং মিডফিল্ডার সত্যি একজন লেখকও। এই বিশ্বকাপের মাঝেই তার লেখা বই ‘এভরিথিং স্টার্টস উইথ ড্রিম’ নরওয়েতে বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। নরওয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নুসার আত্মজীবনী বই গত মে মাসে প্রকাশিত হয়েছে।

নরওয়ের বিখ্যাত সংবাদপত্র ‘ভিজি’ তাদের সমালোচনায় লিখেছে, ‘এই বইয়ের মাধ্যমে নুসা তার জীবনের বিশেষ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে চেয়েছেন।’ বইতে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে একজন উঠতি ফুটবলারের জীবন কাহিনি। বইতে নুসা নিজের আদর্শ হিসাবে তুলে ধরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। ব্রাজিলের বিরুদ্ধেই তাদের রোববার খেলতে হবে বিশ্বকাপের শেষ ষোলোতে।

নুসা বলেছেন, ‘এটি শুধু একটি আত্মজীবনীমূলক বই হোক, তা আমি চাই না। আগামী প্রজন্মের সামনে স্বপ্ন পূরণ করার জন্য একটা পথ বলে দেওয়ার মাধ্যমও হোক এই বই। কীভাবে আগামীতে তারা সব বাধা টপকে এগিয়ে যাবে, তার একটা দিশা দেওয়ার চেষ্টা করেছি।’ শেষ বত্রিশে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। তাদের হয়ে প্রথম গোলটি করেন নুসা। সেই গোল শোধও করে দেয় আইভরি কোস্ট। তারপর আর্লিং হলান্ড ম্যাচের শেষদিকে জয়সূচক গোলটি করেন।