বিশ্বকাপে খেলে দেশে ফেরার মাত্র দুদিন পর দক্ষিণ আফ্রিকার ফুটবলার জাইডেন অ্যাডামসের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল ফুটবলবিশ্বকে। এবার বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে বাদ পড়ার দুই মাস পর মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। ডিপেরিঙ্ক ছিলেন নেদারল্যান্ডসের অন্যতম সেরা রেফারি। ডাচ লিগের পাশাপাশি ইউরোর মতো মেগা টুর্নামেন্টে খেলা পরিচালনা করেছেন তিনি। এবারের বিশ্বকাপের প্যানেলেও ছিলেন। গত মে মাসে যুক্তরাজ্যে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হন তিনি। এ নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের জেরে পরে ফিফা বিশ্বকাপ থেকে ডিপেরিঙ্কের নাম বাদ দিয়ে দেয়। পরে প্রমাণের অভাবে ওই রেফারির বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়। তিনি নিজেও দাবি করেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন তার মৃত্যু হলো। মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। এতে রহস্য আরও বেড়েছে। ডাচ ফুটবল সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। আমরা শুধু একজন সম্মানিত রেফারিকেই হারাইনি, একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারিয়েছি।’ ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলবিশ্বের পক্ষ থেকে আমরা তার পরিবার, বন্ধু ও ডাচ ফুটবল সংস্থার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তার আত্মার শান্তি কামনা করি।’

কিন্তু ডিপেরিঙ্কের মৃত্যুর কারণ কেন প্রকাশ করা হলো না? শোনা যাচ্ছে, ফিফার প্যানেল থেকে বাদ পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।