পীরগঞ্জে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইকের ওপর গাছ ভেঙে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টুকুরিয়া ইউনিয়নের টিওরমারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঘোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জে এক এইচএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে পীরগঞ্জের খালাশপীর আসার পথে ওই স্থানে পৌঁছলে বাতাসে সড়কের পাশের একটি শুকনো আকাশমণি গাছ ইজিবাইকের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই চালক নিহত হন। এতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে লাশ উদ্ধার করলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। থানার ওসি নজমুল হক বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








