গত বুধবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, রামোজি ফিল্ম সিটিতে শুটিং করার সময় বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। এ–ও জানানো হয় যে অসুস্থতা নিয়ে তিনি এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে অভিনেতার অসুস্থতার খবরটি সত্য হলেও পোকার কামড়ের বিষয়টিকে গুজব বলছেন অভিনেতার ম্যানেজার শুভাশিস পান্ডে। প্রথম আলো মুম্বাই প্রতিনিধিকে তিনি জানিয়েছেন, অসুস্থতার খবরটি সত্য হলেও পোকার বিষয়টি ভিত্তিহীন।

শুক্রবার প্রথম আলো মুম্বাই প্রতিনিধিকে রাজেশ শর্মার ম্যানেজার শুভাশিস পান্ডে বলেন, ‘দাদাকে (রাজেশ শর্মা) কখনোই পোকামাকড় কামড়ায়নি। জানি না এসব খবর কে বা কারা রটাচ্ছে।’
অসুস্থতার বিষয়ে শুভাশিস পান্ডে বলেন, ‘হায়দরাবাদ থেকে দাদা গত বৃহস্পতিবার শুটিং সেরে কলকাতায় ফিরেছেন। রোববার ওনাকে কেএমডিএ হাসপাতালে ভর্তি করা হয়। কারণ, ওনার হাই সুগার আছে। সে কারণে পা ফুলে গেছে। উনি আইসিইউতে নেই। এখন অনেকটাই ভালো। আগামীকাল সম্ভবত ওনাকে হাসপাতালে থেকে ডিসচার্জ করবে। ওনার পায়ে সংক্রমণ বা ফুসফুসে সংক্রমণ হয়নি।’
এদিকে গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি বলছে, শুটিং সেটে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা-সংক্রান্ত নিয়মকানুন মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এরই ভেতর অভিনেতার ম্যানেজার নিশ্চিত করেছেন বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন।








