প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (২১ জুলাই) নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে আলোচনার সময় তিনি এ নির্দেশনা দেন।

এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে প্রায়োরিটি সার্ভিস চালু; ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা; নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমিসেবা স্বল্প সময়ে সম্পন্ন করা; ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে ভূমিমন্ত্রীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

ভূমিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে। ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সব সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া, প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং সচিব মোখতার আহমেদ ছাড়াও উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/এমকেআর