ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (২২) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে এক নম্বর আসামি করে ১১ জনের নামোল্লেখসহ ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সুমনের বাবা মিলন শেখ বৃহস্পতিবার এ মামলা করেন। এদিকে, শুক্রবার ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি।
ভাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, সুমন হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে ফাস্ট ফুড ব্যবসায়ী সুমন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ বিষয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ-সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, এ বিষয়ে কোনো তদবির বা রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








