প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মুহাম্মদ রাশেদ খাঁনকে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খাঁনকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) রাশেদ খাঁনকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

নতুন পদে নিয়োগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার পরে পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি এই নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করতে পারেন সে জন্য সবার সহযোগিতা চান।

ফেসবুক: নিয়োগ পাওয়ার পর ফেসবুকে দেওয়া রাশেদ খাঁনের স্ট্যাটাস

গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে নির্বাচন করেন। তবে এই আসনে নির্বাচনে তিনি জয়ী হননি।