প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন।
রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য জানিয়েছেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে।
আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
রাশেদ খাঁন চলতি বছরের শুরুতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে করে পরাজিত হন।








