গত ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই যথাক্রমে ‘অতিথি ডটকম’-এর অন্ধকার ফাঁদ (১) : ‘জেল থেকে ছাড়া পেয়েই সাইফুলের নয়া মিশন’, ‘অতিথি ডটকম’-এর অন্ধকার ফাঁদ (২) : ‘তরুণদের ফাঁদে ফেলতে অভিনব প্রলোভন...’ এবং ‘অতিথি ডটকম’-এর অন্ধকার ফাঁদ (শেষ) : ‘পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতি নিচ্ছেন সাইফুল’ শিরোনামে প্রকাশিত তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সোহেল।

পাঠানো লিখিত বক্তব্যে এতে তিনি দাবি করেন, অতিথি ডটকম তাদের স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জড়িয়ে যে ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে, তা অসত্য। মূলত একটি উদীয়মান দেশীয় ডিজিটাল স্টার্টআপ-কে ধ্বংস করা এবং এর সঙ্গে জড়িত তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে এ ধরনের রিপোর্ট করা হয়েছে।

প্রকৃত সত্য এই যে, ‘অতিথি ডটকম’ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান সুচারুভাবে মেনে নিবন্ধিত এবং সম্পূর্ণ বৈধ উপায়ে পরিচালিত একটি শীর্ষস্থানীয়, আধুনিক আইটি ও ট্রাভেল টেকনোলজি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটিকে কোনো মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) বা তথাকথিত কোনো নেতিবাচক চক্রের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক।

ফলে প্রতিবেদনে অতিথি ডটকমকে ই-কমার্সের নামে এমএলএম বা পিরামিড স্কিম এবং এর প্রজেক্টগুলোকে কাল্পনিক ও ভুঁইফোঁড় হিসাবে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।

এদিকে দুদকের সাবেক পরিচালক তালেবুর রহমান যুগান্তর কার্যালয়ে এসে জানিয়েছেন, ৩০ জুন প্রকাশিত সংবাদে তার নাম অতিথি ডটকমের পরিচালক হিসাবে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। তিনি আগে বা বর্তমানে কখনো অতিথি ডটকমের পরিচালক ছিলেন না।

প্রতিবেদকের বক্তব্য : অতিথি ডটকম লিমিটেড এমএলএম বাণিজ্যের সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ যুগান্তরের কাছে সংরক্ষিত রয়েছে।