জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমানে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কর কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আহসান হাবিবের নিয়োগের বিষয়ে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এদিকে এনবিআরের নিজস্ব জনবল থেকে প্রথমবারের মতো চেয়ারম্যান নিয়োগ হওয়ায় খুশি সংস্থাটির কর্মকর্তারা। নতুন নিয়োগ পাওয়া আহসান হাবিব এর আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন। তবে জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধান শুরু করে আলোচনায় আসেন তিনি। কর অঞ্চল-১৫–এর কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় এস আলম গ্রুপের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন তিনি। পরবর্তী সময়ে সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থ পাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর আদায় করেন।

নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আহসান হাবিব। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো দাপ্তরিকভাবে আমি কিছু জানি না।’
এনবিআর চেয়ারম্যান কে হবেন—তা নিয়ে কয়েক দিন ধরে নানা জল্পনা–কল্পনা চলছিল। বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের মেয়াদ বৃদ্ধির বিষয়টিও ব্যাপক আলোচনায় ছিল। তা ছাড়া এনবিআরের ভেতরেও কয়েকজন সদস্য এবং সাবেক কর্মকর্তা এই পদের জন্য আলোচনায় ছিলেন।
আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৫তম কর ক্যাডারে দ্বিতীয় স্থান লাভ করেন। প্রশিক্ষণের জন্য তিনি বুলগেরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও ভারতে গিয়েছিলেন। ব্যক্তিজীবনে আহসান হাবিব বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে।
আজ ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাঁর শেষ কর্মদিবসে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।








