২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। এ উপলক্ষ্যে দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর আগে ২০০৮ সাল পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০০৯ সালে এ পরীক্ষা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে আবার বৃত্তি পরীক্ষা আয়োজন করা হলেও তা নিয়মিতভাবে অব্যাহত ছিল না। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ২০২৫ সালে বৃত্তি পরীক্ষা পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু হয়।

এবার প্রাথমিক বৃত্তির জন্য ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী।

নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে বৃত্তি পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।