কালিয়াকৈরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করে গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার সকালে মৌচাকের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং মৌচাক পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন তারা। ঘনঘন লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পল্লীবিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এতে করে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। বিশ্বকাপ ফুটবল খেলা লোডশেডিংয়ের কারণে দেখতে সমস্যা হচ্ছে। একদিকে লোডশেডিং অন্যদিকে বাড়তি বিলের ঝামেলা পোহাতে হচ্ছে গ্রাহকদের।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ।








