রাজবাড়ীতে এক প্রতিবন্ধী নারীকে (৫৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে এ অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে কথিত এক সাধককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় ওই নারীর বড় ভাই বাদী হয়ে মো. মোবারক শেখকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন।
মামলার বাদীর অভিযোগ, তার প্রতিবন্ধী বোন ছোট ভাইয়ের বাড়ি থেকে তাদের বাড়িতে ফিরছিলেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে কথিত সাধক মো. মোবারক শেখের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বোনের মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর বোনকে বাড়িতে পাঠিয়ে দেয়। তার বোন বাড়িতে এসে কান্নাকাটি করে। এক পর্যায়ে সে জানায়, লম্পট মো. মোবারক শেখ তাকে ধর্ষণ করেছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘প্রতিবন্ধী নারীর ভাইয়ের দায়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে মোবারক শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
রুবেলুর রহমান/কেজে/এএসএম








