বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমে স্পেনকেই স্পষ্ট ফেবারিট ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ফরাসি ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশম বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় লুইস দে লা ফুয়েন্তের দলই এগিয়ে। তিনি বলেন, ‘স্পেনই ফেবারিট। আমি তাদের ওপর অতিরিক্ত চাপ দিতে চাই না, কিন্তু তারা যা করেছে, এমনকি নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে হারার পরও, তারা অনেক শক্তির একটি অসাধারণ দল।’

তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ফরাসি কোচ, ‘আমরা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছি। প্রতিপক্ষকে আমরা ভালো করেই চিনি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। এটি বিশ্বকাপের সেমিফাইনাল, অত্যন্ত উচ্চমানের একটি ম্যাচ।’

দেশমের মতে, শেষ চারে জায়গা করে নেওয়া চারটি দলই পুরো টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ‘এখন মাত্র চারটি দল বাকি। এর মানে তারা প্রতিযোগিতার অন্য সব দলের চেয়ে ভালো খেলেছে। সেমিফাইনালে সবসময়ই সবচেয়ে শক্তিশালী দলগুলো থাকে।’

বিশ্বকাপ শুরুর পর থেকেই স্পেনকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখে আসছেন দেশম। নকআউট পর্ব শুরুর আগেও তিনি বলেছিলেন, ফ্রান্স নয়, বরং স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ফেবারিট। এবার সেই অবস্থানেই অনড় থাকলেন অভিজ্ঞ এই কোচ।

ফ্রান্স ও স্পেনের এই লড়াই শুধু বিশ্বকাপের ফাইনালে ওঠার নয়, এটি সাম্প্রতিক এক তিক্ত স্মৃতিরও পুনরাবৃত্তি। গত মৌসুমে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ে স্পেন ৫-৪ ব্যবধানে জয় পেয়েছিল। এবার বিশ্বকাপের মঞ্চে সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রান্স।

একদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা ও বড় ম্যাচের মানসিকতায় এগিয়ে থাকা ফ্রান্স। সব মিলিয়ে ডালাসে হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনাল।

আরআর/আইএন