স্পেন ও ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে চলছে কথার লড়াই। দুই দলের খেলোয়াড়রাই মূলত এতে ঘি ঢালছেন। বাকযুদ্ধে স্পেন এগিয়ে থাকার কারণ গত ইউরো কাপের সেমিতে ফ্রান্সকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়েছিল স্পেন, তখন থেকেই বেশ আত্মবিশ্বাসী লুইস দে লা ফুয়েন্তের দল।

নিজের ১৯তম জন্মদিনেই আবারও আত্মবিশ্বাসী বার্তা দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে তিনি আগের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ফ্রান্স যদি তার কথায় অন্য অর্থ খুঁজতে চায়, সেটি তাদের ব্যাপার।

এর আগে ইয়ামাল বলেছিলেন, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেনকে’ সেই মন্তব্য নিয়ে নতুন করে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি ফ্রান্সকে ভয় পাই? আমি বলেছিলাম, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকেই আমরা ভয় পাই না। এটা ফুটবল, তারা আমার কথাকে যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ইয়ামালের পারফরম্যান্স নিয়েও সমালোচনা হয়েছে। স্পেনের ছয়টি ম্যাচেই খেললেও তিনি মাত্র একটি গোল করেছেন। গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ৪-০ জয়ের ম্যাচে। এখনও কোনো অ্যাসিস্টও নেই।

তবে এসব সমালোচনাকে পাত্তা দিতে নারাজ এই স্প্যানিশ ফরোয়ার্ড, ‘আমরা অনেক পরিণত হয়েছি। কেপ ভার্দের বিপক্ষে কঠিন সময় পার করেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি কোনো চাপ অনুভব করি না। সবাই যদি বলে আমি আমার সেরা ফর্মে নেই, তাহলে আগামীকাল (মঙ্গলবার) আমার কাছ থেকে কিছু আশা করারও দরকার নেই।’

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং নেশন্স লিগের সেমিফাইনালে দুইবারই ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন ইয়ামাল। তাই এবারও বড় মঞ্চে নিজের ছাপ রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই খুব আনন্দিত। আমরা নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কল্পনা করি, যেমন ২০১০ সালে স্পেন করেছিল। তাহলে এবার কেন নয়?’

সবশেষে গোল করা নিয়ে নিজের ভাবনা জানিয়ে ইয়ামাল বলেন, ‘গোল করা নিয়ে আমি চিন্তিত নই। তবে এমন বড় ম্যাচে গোল করা অবশ্যই বিশেষ কিছু। আশা করি, আগামীকাল আমার জন্য খুবই বিশেষ একটি দিন হবে।’

আরআর/আইএন