ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। তার দাবি, বর্তমান ফরাসি দল কোনো প্রতিপক্ষকেই ভয় পায় না এবং বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাবিও বলেন, দলের পরিবেশ ও প্রস্তুতি দুটোই দারুণ অবস্থায় রয়েছে, ‘সবকিছু খুব ভালো চলছে। আমরা সম্ভাব্য সেরা অবস্থায় এই ম্যাচে নামছি। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’

শুধু মাঠের প্রস্তুতিই নয়, দলের ভেতরের ঐক্যকেও ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন জুভেন্টাসের এই মিডফিল্ডার, ‘দলের মধ্যে দারুণ ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং রসায়ন তৈরি হয়েছে। মাঠের বাইরেও সবকিছু খুব ভালোভাবে চলছে।’

রাবিও আরও বলেন, টুর্নামেন্টজুড়ে কোচকে ঘিরে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটিও উল্টো দলকে আরও কাছাকাছি এনে দিয়েছে, ‘কোচের কঠিন সময়গুলো আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছি।’

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। রাবিওর বিশ্বাস, ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলের ঐক্য ও মানসিক দৃঢ়তাই এমন বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।

আরআর/আইএন