ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সুযোগকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে মনে করছেন ইংল্যান্ডের তরুণ লেফট-ব্যাক নিকো ও’রাইলি।
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে থমাস টুখেলের ইংল্যান্ড। অন্যদিকে, অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আটলান্টায় হবে দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াই।
২১ বছর বয়সী ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ও’রাইলি, যিনি গত নভেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন, এর আগে কখনোই ক্লাব বা জাতীয় দলে মেসির বিপক্ষে খেলেননি। তাই এই ম্যাচকে তিনি দেখছেন জীবনের বিরল এক সুযোগ হিসেবে।
বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ও’রাইলি বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা জীবনে একবারই আসা একটি সুযোগ। মেসি ক্যারিয়ারের শেষ দিকে রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে, ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড় তিনিই। তাই এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি।
আরআর/আইএন








