ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নিহাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে। কারণ, নিজের ফেসবুক প্রোফাইলে তিনি সম্পর্কের অবস্থান পরিবর্তন করে ‘এনগেজড’ দেখানোর পর থেকেই শুরু হয় নানা জল্পনা। কেউ বাগ্দানের শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার জানতে চেয়েছেন, কবে হচ্ছে বিয়ে?
তবে অভিনেত্রী নিজেই সেই জল্পনার ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, এটি বাগ্দানের আনুষ্ঠানিক ঘোষণা নয়। তিনি শুধু জানাতে চেয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন এবং ব্যক্তিগত সম্পর্কটি আর আড়াল করে রাখতে চান না।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার এই সময়ে আরেকটি বিষয়ও সমানভাবে নজর কাড়ছে-নাজনীন নীহার স্টাইল স্টেটমেন্ট। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তিনি গড়ে তুলেছেন নিজস্ব পরিচয়।
তার ইনস্টাগ্রাম ঘুরে দেখলেই বোঝা যায়, ট্রেন্ড অনুসরণ করলেও তিনি অন্ধভাবে ফ্যাশন করেন না; বরং নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক ও স্টাইলই বেছে নেন।
শাড়ি পরলে নাজনীন নিহাকে একাধারে মার্জিত ও আধুনিক মনে হয়। কখনো হালকা রঙের সুতি বা মসলিন, আবার কখনো জমকালো সিল্ক কিংবা সিকুইন শাড়িতে ধরা দেন তিনি।
শাড়ির সঙ্গে ভারী অলংকারের পরিবর্তে ছোট দুল, সূক্ষ্ম নেকলেস কিংবা শুধু স্টেটমেন্ট কানের দুল পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে পুরো লুকটি হয়ে ওঠে পরিমিত, রুচিশীল এবং সময়োপযোগী।
কেবল ঐতিহ্যবাহী পোশাকেই নয়, ওয়েস্টার্ন আউটফিটেও সমান স্বচ্ছন্দ নাজনীন নিহা।
ব্লেজার, কো-অর্ড সেট, ডেনিম, স্টাইলিশ টপ কিংবা মনোক্রোম পোশাক-সব ক্ষেত্রেই তার উপস্থিতিতে ফুটে ওঠে আত্মবিশ্বাস। পোশাকের কাট, রঙের নির্বাচন এবং মিনিমাল স্টাইলিং তার ফ্যাশন সেন্সকে আলাদা মাত্রা দিয়েছে।
নাজনীন নীহার সাজের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বাভাবিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া। ভারী মেকআপের বদলে তিনি সাধারণত বেছে নেন ন্যাচারাল বেস, হালকা আই মেকআপ এবং নিউড বা সফট শেডের লিপস্টিক। ফলে তার প্রতিটি লুকেই থাকে সতেজ ও পরিশীলিত একটি আবহ।
ফ্যাশনে অনেক সময় অতিরিক্ত অলংকার পুরো লুককে ভারী করে তোলে। নাজনীন নিহার স্টাইল থেকে শেখার বিষয় হলো-কম আনুষঙ্গিক দিয়েও আকর্ষণীয় হওয়া যায়।
ছোট হ্যান্ডব্যাগ, সানগ্লাস, ঘড়ি কিংবা মিনিমাল জুয়েলারি দিয়ে তিনি সহজেই সম্পূর্ণ করেন নিজের সাজ।
প্যাস্টেল শেড থেকে শুরু করে কালো, সাদা, বেইজ কিংবা উজ্জ্বল রঙ-সব ধরনের রঙেই স্বাচ্ছন্দ্য দেখা যায় তার। তবে কোনো রঙই তিনি অতিরিক্তভাবে ব্যবহার করেন না। বরং পোশাক, মেকআপ ও আনুষঙ্গিকের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখেন, যা তাঁর স্টাইলকে আরও পরিণত করে তুলেছে।
নাজনীন নীহার পোশাকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, প্রতিটি লুকেই তার ব্যক্তিত্ব ফুটে ওঠে।
তিনি প্রমাণ করেন, ফ্যাশন কেবল দামি পোশাক বা ব্র্যান্ডের ওপর নির্ভর করে না; বরং নিজের রুচি, আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যই একজন মানুষের সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকতেই পারে, তবে নাজনীন নিহা আবারও মনে করিয়ে দিলেন-একজন তারকার পরিচয় শুধু তার ব্যক্তিগত সম্পর্ক নয়, তার কাজ, ব্যক্তিত্ব এবং স্টাইলও। আর সেই দিক থেকে দেখলে, শাড়ির ঐতিহ্য হোক বা আধুনিক ওয়েস্টার্ন পোশাক-প্রতিটি উপস্থিতিতেই তিনি তুলে ধরছেন আত্মবিশ্বাসী, পরিশীলিত এবং সমকালীন এক ফ্যাশন ব্যক্তিত্ব।
জেএস/








