বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা নূতন।
নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানিয়ে নূতন বলেন, শুধু শিল্পী সমিতিকে নিয়ে আলোচনা বা সমালোচনা করলেই হবে না, শিল্পীদের কল্যাণে বাস্তব উন্নয়নমূলক কাজ করতে হবে।
তার ভাষায়, ‘আগে যখনই ডেকেছে, আমি এসে সমিতির জন্য কাজ করেছি। কিন্তু অনেক সময় দেখা যায়, নির্বাচনে জয়ী হওয়ার পর অনেকেই বদলে যান। আমার বিশ্বাস, নির্বাচনে জেতার পর একজনের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। সেই জায়গা থেকেই আমি এবার নির্বাচন করছি।’
প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, তাদের সঙ্গে আমি চলতে পারি না। অনেকে মনে করেন আমি রাগী। আসলে আমি রাগী নই, আমি সময়মতো স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তাই হয়তো অনেকের কাছে আমাকে কঠোর মনে হয়।’
শিল্পীদের সার্বিক উন্নয়নকে নিজের অগ্রাধিকার উল্লেখ করে নূতন বলেন, ‘অনেক শিল্পী দেশে নেই, বিদেশে অবস্থান করছেন। আবার অনেকেই কাজের সংকটে আছেন। যারা সমিতির দায়িত্বে আসবেন, তাদের উচিত শিল্পীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা। এফডিসিকে আবারও প্রাণবন্ত করে তুলতে হবে, যাতে নিয়মিত শুটিং হয় এবং যেসব শিল্পী কাজ পাচ্ছেন না, তাদের জন্য কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘সবাই আমাকে আশ্বস্ত করছেন, তারা আমার পাশে আছেন এবং ভোট দেবেন। আমি যদি নির্বাচিত হই, তাহলে শিল্পীদের স্বার্থেই কাজ করতে চাই।’
উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার দুটি প্যানেলের প্রার্থীদের মধ্য থেকে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন।
এমআই/এলআইএ








