ইচ্ছেগুলো কাব্য হলে, কাব্য হবে পাখি

পাখনা জুড়ে থাকবে মধুর স্বপ্ন মাখামাখি।

উড়বে যখন স্বপ্নগুলো ঝরবে সবার মনে

হঠাৎ কোথাও জমবে মেলা নিঝুম বনভোজনে।

ভোজন হবে সবুজ আহার বাজবে পাতার বাঁশি

রাত্রি এলেই চাঁদ বিলাবে জোছনা রাশিরাশি।

চাঁদের বৃষ্টি ভিজিয়ে দিলে রাত্রি হবে শেষ

নতুন ভোরে উঠবে হেসে নতুন বাংলাদেশ।

আমরা তখন বুকের ভেতর ফুল ফোটাবে হেসে

ইচ্ছেঘোড়া টগবগাবে অজানা উদ্দেশে!

সেই অজানার গল্পগুলো অল্প করে লেখো

এই পৃথিবীর রহস্যকে বুকের পাশে রেখো।

সেই রহস্য নিয়েই বাঁধো ভবিষ্যতের গান

সুরের জাদু ছড়িয়ে গড় আনন্দ উদ্যান।

মানুষগুলো মানুষ হবার মন্ত্র ফুঁকে দাও

ভালোবাসার সুরভিকে দুহাত পুরে নাও।

হাতের সাথে হাত রেখে দাও মনের সাথে মন

মানুষ হওয়ার গল্প লেখা ভীষণ প্রয়োজন।

বুকের সাথে বুক মিলিয়ে থাকব মিলেমিশে

নতুন আলোর ফুটবে গোলাপ মুক্ত দোয়েল শিসে।

আমরা হব আলোর পাখি আমরা নতুন সুর

মেঘ সরিয়ে নামবে সুখের সোনালি রোদ্দুর!

বুকের ভেতর রাখব আকাশ ঝুলবে নীলের কেশ

রঙ ছড়িয়ে বাঁধবে বেণি প্রিয় বাংলাদেশ!