গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য শুভাকাঙ্ক্ষা ও ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের লেখা বই উপহার দিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে বই এবং স্কুল লাইব্রেরির জন্য তার রচিত বইয়ের একটি পূর্ণাঙ্গ সেট উপহার হিসেবে দিয়েছেন।শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক কালের কণ্ঠের ‘শুভসংঘ’ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইগুলো হস্তান্তর করা হয়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন আনুষ্ঠানিকভাবে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. আবদুস সালামের হাতে বইগুলো তুলে দেন।বই হস্তান্তরকালে ইমদাদুল হক মিলন বলেন, 'বই পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মননশীলতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হয়। আশা করি, এই উপহার শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।'এই উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এম. আবদুস সালাম বলেন, 'শিক্ষার্থীদের হাতে ভালো বই তুলে দেওয়া মানে তাদের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেওয়া। লেখকের এই অনন্য উপহার আমাদের শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে।'

অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।