পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে একটি ফেসবুক পেজের দুই পরিচালনাকারীকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এ ঘটনায় বাহিনীতে কর্মরত পুলিশের কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পেজটির সঙ্গে জড়িত বিদেশভিত্তিক একটি চক্রের সংশ্লিষ্টতার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পেজটির অ্যাডমিনও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অপপ্রচার চক্রের কার্যক্রম, দেশ-বিদেশে থাকা সদস্যদের যোগাযোগ এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাকে লক্ষ্য করে পরিচালিত কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে এসএমপির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, ফেসবুক পেজ থেকে ভুয়া তথ্য ছড়িয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা থেকে সালাউদ্দিন নামে একজন কথিত সাংবাদিক এবং আরেকজন সৈয়দ শাহীন মাহমুদ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে জড়িত অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান পরিচালনা হচ্ছে।
টিটি/এমআইএইচএস








