১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিল মিসর। এরপর চারবার খেললেও, এতদিন জয় পায়নি উত্তর আফ্রিকার দেশটি। ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মোহামেদ সালাহর দল বিশ্বকাপের শেষ বত্রিশে উঠেছে। তাদের সামনে অস্ট্রেলিয়া। মেগা ম্যাচের আগে মিসরের এক খুদে সমর্থকের মুখে ছিল প্রিয় ফুটবলারদের সঙ্গে ছবি তোলার আনন্দ। কিন্তু কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ডালাসে মিসরের হোটেলের সামনে ঘটনাটি ঘটে। মিসরীয় তারকা ত্রেজেগের সঙ্গে ছবি তুলতে চেয়েছিল এক খুদে সমর্থক। কিন্তু ছবি তোলার সময় পুলিশ বাধা দিলে শুরু হয় তুমুল বচসা। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর্যায়ে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে ছবি তোলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি আরও জটিল হয়। যদিও পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের আচরণে রেগে যান মিসরের কোচ হোসাম হাসানের ভাই ও কোচিং স্টাফের সদস্য ইব্রাহিম হাসান। তারা পুলিশের আচরণের প্রতিবাদ করলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ভয়েস অব এমিরেটসের তথ্য অনুযায়ী, মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন হাতাহাতির খবর অস্বীকার করেছে। তাদের দাবি, দ্রুত বিতর্কের নিষ্পত্তি ঘটে। ফেডারেশন আরও জানিয়েছে, টিম হোটেলের সামনে সংকট তৈরি হয়েছে বলে যে খবর সামনে এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা।

আগের ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিসরের অধিনায়ক মোহামেদ সালাহ। ৫৭ মিনিটে তাকে তুলে নেন কোচ। পরিবর্তে মাঠে নামেন মোস্তাফা জিকো। এরপর খেলা চলাকালীন ক্যামেরায় বারবার তার হতাশার অঙ্গভঙ্গি ধরা পড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি তিনি মাঠে নামবেন? দলের আশা, হ্যামস্ট্রিং সমস্যায় ভুগলেও নকআউটে মাঠে নামবেন ‘মিসরীয় মেসি’।