রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পাবনা জেলা সমিতি’ জেলার নবীনবরণ ও বিদায় এবং নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনার আয়োজন করে।
বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠান করা হয়।

সমিতির সভাপতি আলহাজ্ব হোসাইন দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আল আমিন সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আজকের এই আয়োজন আমার ছাত্রজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। জেলা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আশ্রয়, আমাদের পরিবারের সম্প্রসারিত রূপ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জেলা-ভিত্তিক কমিউনিটি শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, নৈতিক সমর্থন ও আত্মপরিচয়ের বোধ তৈরি করে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই কমিউনিটি মানসিক শক্তি ও সাহসের জায়গা হিসেবে কাজ করে।’ বক্তব্যের একপর্যায়ে তিনি বর্তমান ও সাবেকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান ও ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার বিভিন্ন থানার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেজে/এএসএম








