চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিয়েছেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিসিন, নিউট্রিশন, গাইনোকোলজি ও ডার্মাটোলজি—এই চারটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রেসক্রিপশন অনুযায়ী তাদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।
উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক) বলেন, “চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চাকসুর যৌথ উদ্যোগটি প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবায় সব ধরনের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে ছাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সময়মতো সমাধান করা জরুরি।” শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন সংগঠনের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকার কথা জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক মো. সফিকুল ইসলাম (প্রশাসন) বলেন, “গতানুগতিক ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার কাজ করে যাচ্ছে চাকসু। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আর্থিক সীমাবদ্ধতা এবং লোকলজ্জার কারণে ছাত্রীরা বিভিন্ন রোগের কথা বলতে পারে না। চাকসুর এ আয়োজনে ছাত্রীরা একদিকে স্বাস্থ্যসেবা পাবেন, অন্যদিকে তাদের রোগ সম্পর্কে সচেতন হতে পারবেন।”
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক বলেন, “চাকসুর উদ্যোগে এর আগেও আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি। আগামীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা চুক্তি হয়েছে, যাতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিয়েছি।”
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমরা নির্বাচনের পর থেকে পাঁচ-ছয় ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। নির্বাচিত প্রতিনিধিদের ওপর শিক্ষার্থীদের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাই, প্রতি বছর যেন নিয়মিত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।”
চিকিৎসাসেবা নেওয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “আমি ডার্মাটোলজি বিভাগের ডাক্তার দেখানোর জন্য শহরে যাই। তবে আজ ক্যাম্পাসেই আমি ডাক্তার দেখাতে পেরেছি এবং ফ্রিতে ওষুধও পেয়েছি। আশা করব, চবি মেডিকেল সেন্টারে যেন নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাওয়া যায়।”
সকাল ১০টায় উদ্বোধনী পর্বে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক)। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম (প্রশাসন) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আমেনা শাহীন। এ সময় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক।
এছাড়া, উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।








