বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মচারীদের পোশাক (লিভারিজ) বাবদ ভাতা বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিস চলাকালীন ইউনিফর্ম পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি পরিপত্র মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিস প্রধানদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মচারীদের মধ্যে যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটাবেন, তাদের অনুকূলে পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান না করার জন্য বিভাগ, শাখা ও অফিস প্রধানদের নির্দেশনা দেওয়া হলো।

কেএইচকে/জেআইএম