সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শুরু করতে আজ (বৃহস্পতিবার) বিকেলের মধ্যেই সাড়ে ৩২ হাজার পদের চাহিদাপত্র (রিকুইজিশন) সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। এমনটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আদালতের রায় পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল ফোন করে জানালেন, তখনই আমি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, আমরা এ নিয়োগটি কতটা দ্রুত করতে পারি। উনি তাৎক্ষণিক বলেছেন, আপনি রিকুইজিশন পাঠান।
তিনি বলেন, আজকেই আমি প্রায় ঘণ্টাখানেক আগে আমাদের শিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছি, আপনারা রিকুইজিশন তৈরি করবেন। আজ বিকেলের মধ্যেই আমরা পিএসসিতে এ রিকুইজিশনগুলো পাঠাবো, যেন তারা বিশেষ ব্যবস্থায় এ নিয়োগগুলো দিতে পারে।
আরও পড়ুন
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
এহছানুল হক মিলন বলেন, পিএসসি চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছেন যে, বিশেষ ব্যবস্থায় কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য প্রয়োজনীয় বাজেটেরও ব্যবস্থা রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমরা বলেছি, আমাদের যে অংশটুকু করার প্রয়োজন, সেটি আমরা দ্রুত সম্পন্ন করে দেবো। এরপর আপনারা যেন অবিলম্বে কার্যকর ভূমিকা নেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমরা বড় একটি জটিলতা থেকে বেরিয়ে এলাম। এর মাধ্যমে দ্রুতই নতুন শিক্ষক নিয়োগ হবে এবং প্রাথমিক শিক্ষায় গতি আসবে। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএএইচ/এএমএ








