রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে তাকে দশম শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে সহপাঠী বন্ধুরা।
আজ রোববার বেলা ১২টার দিকে স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
আহত সাঞ্জুকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ও বন্ধুরা জানায়, আজ সকালের ক্লাসের পর টিফিন করে তারা আবার স্কুলে যায়। দুপুরে স্কুলে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। বেলা ১২টার দিকে সাঞ্জু যখন স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র তার পথরোধ করে। তার সঙ্গে ছিল নবম শ্রেণির একজন ও তার আপন খালাতো ভাই ছিল।
তাদের ভাষ্য—দশম শ্রেণির ওই শিক্ষার্থী নিজেকে সিনিয়র দাবি করে বলে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এরপর তর্ক–বিতর্কের একপর্যায়ে দশম শ্রেণির ওই শিক্ষার্থী তার পকেটে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝড়তে দেখে তারা পালিয়ে যায়। এ সময় সাঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তারা।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তার অস্ত্রোপচার চলছে।
এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ) মো. ফারুক জানান, ঘটনাটি শ্যামপুর থানায় অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।








