চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এম/এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা সাতটি মামলায় এ রায় দেন। আদালত জানিয়েছেন, রাজপাল যাদব একাধিকবার সমঝোতার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ফলে সাতটি মামলার প্রতিটিতে তাকে তিন মাসের সাধারণ কারাদণ্ড এবং ১ কোটি ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে। একই সঙ্গে তার স্ত্রী রাধা রাজপাল যাদবকেও প্রতিটি মামলায় ৫ লাখ রুপির বেশি জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেন, বকেয়া অর্থ পরিশোধ ও বিরোধ নিষ্পত্তির জন্য রাজপাল যাদবকে একাধিক সুযোগ দেওয়া হলেও তিনি আদালতে দেওয়া অঙ্গীকার পূরণ করেননি। তবে এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য তাকে দুই মাস সময় দেওয়া হয়েছে। মামলাটির সূত্রপাত ২০২৪ সালে। সে সময় একটি সেশনস আদালত রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট সমঝোতার আশ্বাসের ভিত্তিতে সেই সাজা স্থগিত করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়েও সমঝোতা বাস্তবায়িত না হওয়ায় শেষ পর্যন্ত আদালত নতুন এ রায় দেন।








