রাজধানীর রমনা পার্কে চেতনানাশক পানীয় পান করিয়ে অপহরণের চেষ্টার সময় এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় সাংবাদিক পরিচয় দেওয়া আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আনসার সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক কিশোরীকে নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হলে তারা আল আমিনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে সাংবাদিক দাবি করে দুটি পরিচয়পত্র দেখালেও যাচাইয়ে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৫ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে তাকে চেতনানাশক পানীয় পান করানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার সদস্যরা আল আমিনের কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক আল আমিনকে জব্দ করা আলামতসহ রমনা থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








