দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ প্রতিরোধে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য বহুমাত্রিক মানবিক কার্যক্রমের আওতায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে হাম রোগের চিকিৎসা ও সেবাদানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান (উপমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত) সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রেজওয়ানা ইসলাম লুনা, সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রেড ক্রিসেন্টের নেতারা জানান, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে রংপুর সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্ট দলের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।








