রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপি সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুরে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ এবং শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিএনপির সঙ্গে সম্পর্কে টানাপোড়েনেই রাষ্ট্রপতির পদত্যাগ: হান্নান মাসউদ
নিলোফার চৌধুরী মনি বলেন, ‘রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন, সেটিও প্রমাণিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন বিচারের রাজনীতিতে। তাই আইনের মাধ্যমে যে বিচার হবে, সেটিই সবাইকে মেনে নিতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৪ আগস্ট বিএনপির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সম্মানে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে জুলাই মিউজিয়াম উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।’
আরও পড়ুন
পাঁচ ধরনের রোগে ভুগছেন বিদায়ী রাষ্ট্রপতি, মাঝে মাঝে হয়ে যান অচেতন
এর আগে বিএনপির শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের গেটপাড় এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
হৃদয় আহম্মেদ/এসআর








