বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানোর জল্পনা এবার সত্যি হতে চলেছে। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার সময় দিলেই পদত্যাগের পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে।এমন পরিস্থিতিতে থাইল্যান্ডে নিজের ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বিকালেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে।সংবিধানের নিয়ম অনুযায়ী, স্পিকারের উদ্দেশ্যে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।পরবর্তীতে ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। বর্তমান জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ থাকায় তারাই নতুন প্রেসিডেন্ট পদে তাদের প্রার্থী দেবেন বলে জানা গেছে।এদিকে সফর সংক্ষিপ্ত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মেডিকেল চেকআপ দ্রুত শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছি। দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি, এখন হয়তো জানতে পারব। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।”অন্যদিকে, রাষ্ট্রপতি পদে রদবদলের এই ইস্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুজবে বিশ্বাস করি না। কেবল পত্রপত্রিকার খবর দেখে রাজনৈতিক মন্তব্য করা ঠিক হবে না।”উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা। আওয়ামী লীগ সরকারের মেয়াদে তিনি নির্বাচিত হলেও পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের নির্বাচিত সরকারের শপথ পরিচালনা করেন তিনি।
রাজনীতি
রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

শেয়ার করুন







