সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি। রথযাত্রাসহ তাদের সব ধর্মীয় আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার (১২ জুলাই) নগরের জিয়া স্মৃতি জাদুঘর হলরুমে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, রথযাত্রা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম বিভাগের সাত জেলায় দলীয় নেতাকর্মীদের সমন্বয় করে কাজ করতে হবে। কোনো কারণে সভা করা সম্ভব না হলেও স্থানীয় আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন
আপিল বিভাগের রায় / ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন পাবেন না সরকারি চাকরিজীবীরা
তিনি বলেন, প্রশাসন যেমন প্রয়োজনীয় সহায়তা করবে, তেমনই বিএনপির নেতাকর্মীরাও পুরো আয়োজনজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে বিএনপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। আগামী দিনেও পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বজায় থাকবে।
ধর্মীয় উৎসবের সময় পরীক্ষা বা অন্য কর্মসূচি পড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এসব বিষয় আগেভাগে আলোচনা ও সমন্বয় করা গেলে ভবিষ্যতে সমস্যা এড়ানো সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলটি কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি শুধু অনুষ্ঠানকেন্দ্রিক নয়, আত্মার সম্পর্ক গড়ে তুলতে চায়।
আরও পড়ুন
চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ
তিনি বলেন, একসময় স্বৈরাচারী সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিএনপির কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। এখন সম্প্রীতির চট্টগ্রাম গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, রথযাত্রার যেসব সড়ক দিয়ে শোভাযাত্রা যাবে, সেসব এলাকার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক টিম গঠন করবে। রথযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা কাজ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/কেএসআর








