রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জানা যায়, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি মুজিবুর রহমান জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের গ্রেফারের চেষ্টা চলছে।