ভারতের আলোচিত টেলিভিশন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লিখেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।
তিনি আরও লিখেন, কেন বা কী কারণে—সেটি বলার দিন আজ নয়। আজ শুধু এই ঘোষণাটুকুই করছি। টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন পথচলা শুরু হবে, সময়ই তা বলবে।
ময়ূখ রঞ্জন ঘোষের পদত্যাগের ঘোষণা আসে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীর দিন।
গত দুই বছরে বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে ময়ূখ রঞ্জন ঘোষ ব্যাপক আলোচনায় ও সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সার্বভৌমত্ব নিয়ে তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
তবে রিপাবলিক বাংলা ছাড়ার পর তিনি কোথায় যোগ দিচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী—সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাননি।
এমএসএম








