পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে চার বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন ৭১ বছর বয়সি জর্জ জেসুস। শুক্রবার লিসবনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তাকে জাতীয় দলে অবশ্যই বিবেচনা করা হবে। জেসুস বলেন, ‘রোনাল্ডো যতদিন খেলবে এবং নির্বাচনের জন্য উপযুক্ত অবস্থায় থাকবে, ততদিন আমি তাকে দলে ডাকব। অবশ্যই সেটি হবে জাতীয় দলের প্রয়োজন এবং আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে।’ রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হওয়া জেসুস ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের কোচের দায়িত্ব পালন করবেন। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো।

বিশ্বকাপে এবার শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড তিনটি গোল করেন। তিনি জানিয়েছেন, এটি ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। নতুন কোচ বলেন, ‘আমি এখনো রোনাল্ডোর সঙ্গে কথা বলিনি। সময় হলে তার সঙ্গে এবং অন্য খেলোয়াড়দের সঙ্গেও আলাদাভাবে কথা বলব। রোনাল্ডো কখনোই জাতীয় দলের জন্য বা আমার জন্য সমস্যা হবে না।’ তিনি আরও বলেন, ‘রোনাল্ডো পর্তুগিজ ফুটবলের প্রতীক। জাতীয় দলের ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এক বছর তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। সে অত্যন্ত পেশাদার এবং তার সঙ্গে ঃকাজ করা খুবই সহজ।’

জেসুস গত মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে রোনাল্ডোর কোচ ছিলেন। তার অধীনে ক্লাবটি লিগ শিরোপা জেতে। সে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘রোনাল্ডো সবসময় আমাকে বলত, সে আল নাসরেই নিজের ক্যারিয়ার শেষ করতে চায়। এখনো তার সেই ইচ্ছাই রয়েছে।’

রোনাল্ডোর ফিটনেসের প্রশংসা করে পর্তুগালের নতুন কোচ আরও বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। আমার অধীনে সে প্রতি ম্যাচে প্রায় আট কিলোমিটার দৌড়াত এবং ঘণ্টায় ২৫ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটত।’