সাফল্য সবকিছু বদলে দেয়। তাই তো চ্যাম্পিয়নরা বলেন, যে কোনো মন খারাপের ওষুধ-সাফল্য, সাফল্য আর সাফল্য। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র। মাঠে ও মাঠের বাইরে ড্রেসিংরুমে জুনিয়র ফুটবলারদের আদর্শ তিনি। ছয়টি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। সেই সম্মানে নাইকি রোনাল্ডোকে উপহার দিয়েছে বিশেষ সংস্করণের সোনালি বুট-‘গোল্ড স্করপিয়ন’। যা পরে অনুশীলনও করেছেন সিআর সেভেন।

গোল্ড মার্কারিয়াল সুপারফ্লাই আরজিএন ফুটবল বুট উন্মোচন করেছে মার্কিন ক্রীড়াসামগ্রী সংস্থা। আজীবন নাইকির সঙ্গে চুক্তি রোনাল্ডোর। আজ ভোরে গ্রুপপর্বে কলম্বিয়ার বিপক্ষে বিশেষ এই বুট পরে মাঠে নামতে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোনালি ও সাদা রঙের সংমিশ্রণে তৈরি এই বুটে রয়েছে ৩/৪ দৈর্ঘ্যরে এয়ার জুম ইউনিট। পায়ের ভালো সাপোর্টের জন্য ফ্লাইওয়্যার প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণ সহজ করতে নরম আপার।

বিশেষ সংস্করণের এই বুটের দাম ৩০০ মার্কিন ডলার। বুধবার বিশ্বে এই বুট বাজারে আনা হয়। এর আগের দিন উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জেতে পর্তুগাল। জোড়া গোল করেন রোনাল্ডো। সেই ম্যাচে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়েন। পর্তুগিজ মহাতারকার পাশাপাশি গোল করেন নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও। অপর গোলটি আত্মঘাতী।

ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, ‘দল খুব ভালো খেলেছে। আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যক্তিগত রেকর্ড অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার মূল লক্ষ্য সব সময় জাতীয় দলকে লক্ষ্য অর্জনে সাহায্য করা।’